সিলেটে জেএসসি পরীক্ষার্থী বেড়েছে
হরতালের কারণে দুই দফা পেছানো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেটে এবার ১৪ হাজার পরীক্ষার্থী বেড়েছে।
শুক্রবার দেশব্যাপী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে।
সিলেট শিক্ষাবোর্ডে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১১ হাজার ২১১ জন শিক্ষার্থী। গত বছর পরীক্ষার্থী ছিল ৯৭ হাজার ২০২ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান জানান, শুক্রবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এবারের পরীক্ষায় ৪৮ হাজার ৯৮৬ ছেলে ও ৬২ হাজার ২২৫ জন মেয়ে অংশ নেবে।
সিলেট বিভাগের চার জেলার ১১৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট জেলায় ৪৪টি, সুনামগঞ্জে ২৫টি, মৌলভীবাজারে ২৩টি ও হবিগঞ্জে ২৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
এসব কেন্দ্রে চার জেলার ৯১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
আব্দুল মান্নান খান জানান, সিলেট জেলায় সর্বোচ্চ ৪০ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। আর সর্বনিম্ন ২১ হাজার ৯১৮ পরীক্ষার্থী হবিগঞ্জ জেলায়। এছাড়া সুনামগঞ্জে ২৩ হাজার ৭৫৩ জন ও মৌলভীবাজারে ২৪ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী রয়েছে।
