বোমা ও সরঞ্জামসহ ৩ জামায়াতকর্মী গ্রেপ্তার
বরগুনার বামনায় বোমা ও বোমা তৈরির উপকরণসহ তিন জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা তিনজনই জামায়াতের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন বামনা থানার ওসি ওমর ফারুক।
ওসি বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে জামায়াতের এ কর্মীরা বরিশাল থেকে পাথরঘাটায় যাচ্ছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে বামনা ফেরীঘাট এলাকায় অবস্থান নেয়। এসময় পুলিশ তাদের থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ধাওয়া করে একটি মোটরসাইকেলসহ আবদুল লতিফ এবং গিয়াস উদ্দীনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিটনকে কাকচিড়া এলাকা থেকে আটক করা হয়।
আটকৃতদের কাছ থেকে স্কচটেপ মোড়া দুটি হাতবোমা, হ্যান্ড গ্লাভস, গান পাউডারসহ বোমার তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
