যশোরে গণপিটুনিতে ‘ডাকাতের’ মৃত্যু
যশোর সদরে কাঁচামাল বোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত বাহন আটকে ডাকাতির সময় একজনকে ধরে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
নিহত নওশের আলী (৫০) যশোর উপশহরে থাকতেন। তার সঙ্গী আহত নূর মোহাম্মদও ওই এলাকার বাসিন্দা। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জহুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলা ঝিনাইদহ থেকে আল আমিন শেখ, জনি এবং ওবায়দুর বিশ্বাস নামে তিন ব্যবসায়ী একটি আলমসাধুতে (শ্যালো ইঞ্জিনচালিত ভ্যান) দুই বস্তা মরিচ ও ৫৫ কাঁদি কলা নিয়ে যশোরের বড়বাজারের দিকে আসছিলেন।
পথে ৬/৭ জন দুর্বৃত্ত তাদের থামিয়ে অস্ত্রের মুখে রাস্তার ধারে একটি ক্ষেতে নিয়ে যায় এবং মারধর করে পাঁচশ টাকা, তিনটি মোবাইল ফোন এবং সবজি নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে ব্যবসায়ীরা চিৎকার দিলে গ্রামবাসী ছুটে আসে। অন্যরা পালাতে পারলেও নওশের ও নূর ধরা পড়েন এবং পিটুনির শিকার হন।
পরে দুজনকে যশোর মেডিকেলে নেওয়া হলে রাত ৩টার দিকে নওশের মারা যান।
এ ঘটনায় ব্যবসায়ী আমিন শেখ বৃহস্পতিবার সকালে একটি মামলা করেছেন। এতে নওশের ও নূরসহ অজ্ঞাতপরিচয় ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
