রাজশাহীতে পুলিশের দিকে জামায়াতের হাতবোমা
জামায়াতে ইসলামীর হরতালে রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।
নগরীর বোয়ালিয়া থানার খন্দকার নূর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নগরীর রাজারহাতা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা।
“মিছিল শেষে চলে যাওয়ার সময় লোকনাথ স্কুলের সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর সোনাদিঘী মোড় থেকে জামায়াত-শিবির কর্মীরা হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধেও তারা বিভিন্ন শ্লোগান দেয়।
লোকনাথ স্কুলের সামনে মিছিল শেষ করে চলে যাওয়ার সময় তারা পুলিশের দিকে দুটি হাতবোমা ছোড়ে। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হলেও কেউ আহত হননি।
সকাল থেকে নগরীর বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল করেছে। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও। তবে রাজশাহী থেকে ছেড়ে যায়নি ঢাকাগামী কোনো বাস।
নগরীর সাহেববাজার ও নিউমার্কেটের রাস্তার পাশের দোকানগুলো বন্ধ দেখা গেলেও নগরীর বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর চার থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ ২৭ জনকে আটক করেছে।
“হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। নগরীতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির টহল রয়েছে।”
