২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রীর ছবি ইন্টারনেটে তোলার হুমকি দিয়ে চাঁদা দাবি

এক তরুণের সঙ্গে ‘ঘনিষ্ঠতার’ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চট্টগ্রামে এক কলেজছাত্রীর পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 01:42 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বুধবার বিকালে হাটহাজারী থেকে মো. রাকিব (২৪) ও ফরমান (২৫) নামে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তরুণীর একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাদের দুজনের ঘনিষ্ঠ অবস্থায় তোলা কিছু ছবি সংগ্রহ করে এসব ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীর পরিবারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃতরা।

এই ঘটনায় গত ২৯ অক্টোবর ওই ছাত্রী খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার ভিত্তিতে কৌশলী অভিযানে গ্রেপ্তার করা হয় রাকিব ও ফরমানকে।

এসআই সন্তোষ চাকমা বলেন, “আমাদের পরামর্শ অনুযায়ী ওই মেয়ের পরিবার দুই লাখ টাকা হাটহাজারীতে একটি বেসরকারি ব্যাংকে হুমকিদাতাদের দেওয়া একাউন্টে জমা দেয়। ওই টাকা তুলতে এলে হাটহাজারী পুলিশের সহায়তায় নগর গোয়েন্দা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।”

এই ঘটনার সঙ্গে মুন্না ও রায়হান নামে আরও দুই যুবক জড়িত রয়েছে দাবি করে তিনি বলেন, তাদের গ্রেপ্তারেও অভিযান চালানো হচ্ছে।