যুদ্ধাপরাধীদের ‘পক্ষে নয়’ ইইউ
মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বিবৃতি দিলেও এটাকে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান না ভাবার আহ্বান জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন দূত পিয়েরে মায়ইউদো।
যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর নেতাদের রায়ের পর মৃত্যুদণ্ডের বিরোধিতা করে ইইউ’র বিবৃতিতে সরকারি পর্যায়ে সমালোচনার প্রেক্ষাপটে এই আহ্বান জানান তিনি।
ঢাকায় ইইউ’র আবাসিক প্রতিনিধি হিসেবে এসে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেওয়ার পর দুদিন পর প্রথম সংবাদ সম্মেলনে এসে মায়ইউদো বলেন, বিশ্বজুড়ে মানবাধিকার বিষয়ক বক্তব্যে মৃত্যুদণ্ডের বিলোপ তাদের আলোচ্য সূচির শীর্ষে রয়েছে।
“দয়া করে এ বিভ্রান্তি ছড়াবেন না যে ইউরোপীয় ইউনিয়ন অপরাধীদের পক্ষ নিচ্ছে, বিশেষত যুদ্ধাপরাধীদের।....... এ বিষয়টি (বিবৃতি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত নয়।”
গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনালের এক রায়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড ঘোষণার পর উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন।
বিভিন্ন মহল থেকে তাদের এ অবস্থানের সমালোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর সমালোচনা করে মানবাধিকার প্রশ্নে পশ্চিমাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
ইউরোপের দেশগুলো মৃত্যুদণ্ডের বিরোধী। তবে বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
শুধু যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের পর বিবৃতি দেওয়ার কারণ জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, বিশ্বের যে কোনও জায়গায় মৃত্যুদণ্ডের বিষয় নজরে এলে তারা বিবৃতি দেন।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“এটা আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) সম্পর্কিত বিষয় নয়। আইসিটির বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই।”
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বাংলাদেশে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃতি দিয়েছে বলেও জানান তিনি।
“ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের বলার কিছু নেই,” বলেন এই কূটনীতিক।
গত সেপ্টেম্বরে ঢাকা ছেড়ে যাওয়া আইরিশ কূটনীতিক উইলিয়াম হানার দায়িত্ব নিয়েছেন ফরাসি কূটনীতিক মায়ইউদো।
বাংলাদেশে আসার আগে পাকিস্তানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের উপপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি।
