যশোরে ডাকাত-পুলিশ গোলাগুলি, আটক ১০
যশোর শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ডাকাত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে শহরের মুড়লী রেলক্রসিং এলাকায় এ ঘটনায় এক জন গুলিবিদ্ধ হন।
আটকরা হলেন, শাহেদ হোসেন নয়ন, জাহাঙ্গীর আলম, ফয়সাল হোসেন, দুলাল হোসেন, আহাদ আলী, জাহিদ হাসান, নাসির উদ্দিন এবং পারভেজ হোসেন, আল-আমিন ও রিপন।
কোতোয়ালি থানার এসআই জহুরুল হক জানান, ভোর ৪টার দিকে একদল ডাকাত শহরের মুড়লী রেলক্রসিং এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়ে।
পায়ে গুলি লেগে আহত ডাকাত সর্দার শাহেদ হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ধাওয়া করে আরও নয় ডাকাতকে আটক করা হয়।
এসআই জহুরুল আরও জানান, ঘটনাস্থল থেকে একটি স্যুটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি হাত বোমা এবং দুইটি রাম দা উদ্ধার করা হয়েছে।
আটকদের মধ্যে নয়নের নামে ৬টি হত্যাসহ অন্তত এক ডজন মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
