ফেইসবুকে ১৭ জনের তথ্য চেয়েছে সরকার
চলতি বছরের প্রথম ছয় মাসে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকের কাছে ১৭ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার।
বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে পাওয়া এ ধরনের অনুরোধ নিয়ে ষান্মাষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
প্রতিবেদনে দেওয়া তালিকায় দেখা যায়, জানুয়ারি-জুন সময়ে মোট সাতটি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৭ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছে। তবে ফেইসবুক কর্তৃপক্ষ কারো সম্পার্কেই তথ্য দেয়নি।
গত বছরের প্রথমার্ধেও (জানুয়ারি-জুন) ১২ জন ফেইসবুক ব্যবহারকারীর তথ্য চেয়েছিল সরকার, যদিও সে অনুরোধে সাড়া দেয়নি ফেইসবুক কর্তৃপক্ষ।
অবশ্য গত বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) সরকারের অনুরোধে বাংলাদেশ থেকে তিনটি ‘কনটেন্ট’ দেখার সুযোগ ফেইসবুক কর্তৃপক্ষ বন্ধ রাখে বলে এতে জানানো হয়েছে। বাংলাদেশের আইনে ওইসব কনটেন্ট ‘রাষ্ট্রদ্রোহীমূলক’ বিবেচিত হওয়ায় কর্তৃপক্ষ ওই ব্যবস্থা নেয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ বছর প্রথম ছয় মাসে সারা বিশ্বে সরকারিভাবে ফেইসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার গত বছরের দ্বিতীয়ার্ধের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ৩৫ হাজার আবেদনকারীর তথ্যের জন্য বিভিন্ন দেশের সরকারের অনুরোধ পায় ফেইসবুক কর্তৃপক্ষ। এই সময়ে স্থানীয় আইনের বাধ্যবাধকতায় ফেইসবুকের ‘কনটেন্ট’ সরিয়ে নেওয়ার হারও বেড়েছে প্রায় ১৯ শতাংশ ।
আর সবচেয়ে বেশি ‘কনটেন্ট’ সরিয়ে ফেলা হয়েছে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের অনুরোধে। বছরের প্রথমার্ধে ৪ হাজার ৯৬০টি কনটেন্ট সরিয়ে নিয়েছে ফেইসবুক।
ভারত সরকার এই সময়ে মোট ৫ হাজার ৯৫৮ জন ব্যবহারকারীর বিষয়ে তথ্য চায়, যার মধ্যে অর্ধেকের বিষয়ে তথ্য দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
