২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্ন নগরী গড়তে সুযোগ ‘আপনারও’

রাজধানী পরিচ্ছন্ন রাখতে নতুন উদ্যোগ নিয়ে এসেছে তরুণদের একটি সংগঠন, যেখানে আবর্জনা ব্যবস্থাপনায় ভূমিকা রাখার সুযোগ থাকছে বেসরকারি প্রতিষ্ঠানেরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সামিন সাবাবা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 04:20 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

রাজধানীতে ময়লা-আবর্জনা ফেলার জন্য দুই সিটি কর্পোরেশনের আড়াইশ’র মতো কন্টেইনার থাকলেও কোটি মানুষের শহরে তা প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রে কন্টেইনার উপচে দুর্গন্ধ ছড়ায়; সড়কের উপরে এখানে-সেখানে স্তূপ করে রাখা হয় আবর্জনা।

এ পরিস্থিতির উত্তরণে ব্যক্তি মালিকানায় পরিবেশবান্ধব আবর্জনার ক্যান রাখার সুযোগ নিয়ে এসেছে ফুটস্টেপস নামের একটি সংগঠন।

‘আমরা পারি’ প্রকল্পের আওতায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে সাশ্রয়ী দামে এসব কন্টেইনার সরবরাহের উদ্যোগ নিয়েছে তারা। প্রতিষ্ঠানের কর্মী ও পথচারীদের ব্যবহারের জন্য কর্পোরেট অফিসের প্রধান ফটকের সামনেই বসানো হবে এ ক্যান।

ফুটস্টেপস বলছে, আবর্জনা ফেলার এ ক্যান রাখলে তা কোম্পানির করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটিজের (সিএসআর) আওতায় গৃহীত কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে এবং এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি বাড়বে।

“কোনো প্রতিষ্ঠান আবর্জনার ক্যানের জন্য অর্থ খরচ করলে তা শুধু পরিবেশের উপকার করবে না, তাতে কোম্পানিও লাভবান হবে।”

৩ দশমিক ৬ ফুট উচ্চতা এবং ২ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের ইস্পাতের তৈরি এ ক্যানের দাম রাখা হবে পাঁচ হাজার টাকা।

হালকা সবুজ রংয়ের ক্যানের গায়ে প্রতিষ্ঠানের লোগো এবং ‘আমাদের শহর আমাদের দায়িত্ব’, ‘তোমার কাছে যা আবর্জনা আমার কাছে তা সম্পদ’-এ ধরনের বার্তা লেখা থাকবে।

চুরি ঠেকাতে এসব ক্যানের সঙ্গে শিকল থাকবে।

যেসব গাড়ি অফিস থেকে ময়লা নিয়ে যায় সেগুলো এসব ক্যান থেকেও ময়লা নিয়ে যাবে।

এ প্রকল্প থেকে উপার্জিত অর্থ দিয়ে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে বলে ফুটস্টেপসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শিক্ষা, উন্নয়ন, দূষণ, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে ২০১২ সালে ফুটস্টেপসের যাত্রা শুরু হয়।