রাজধানীতে পুড়ল আসবাবের দোকান
রাজধানীর মধ্যবাড্ডায় আসবাবপত্রের একটি দোকান ও গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, সোমবার রাত ১টার দিকে মধ্য বাড্ডার পোস্ট অফিস গলির ‘রিলায়েন্স ফার্নিচার’ নামের ওই দোকান ও গুদামে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোরের দিকে আগুন নেভায়।
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে ব্রজেন কুমার জানান।
তিনি বলেন, আধা-পাকা ওই আসবাবের দোকান ও গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।
