২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসি ভবনে আগুন: শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ড তদন্তে শিল্প মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 10:06 PM

Updated : 25 Apr 2022, 04:54 PM

সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড এড়ানোর উপায় নিয়েও সুপারিশ করবে কমিটি।

পাঁচ সদস্যের কমিটির সদস্য সচিব থাকবেন মন্ত্রণালয়ের উপসচিব শামীম সারা খান। এছাড়াও সদস্য হিসেবে থাকবেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) পরিচালক পর্যায়ের একজন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য পদ মর্যাদার একজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক।

গত শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বিএসইসি ভবনের ১১ তলায় আগুন লেগে পুড়ে যায় দৈনিক আমার দেশের কার্যালয়।

এছাড়া ওই ভবনে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও আরটিভির সম্প্রচারও বন্ধ হয়ে যায়। বিকালে আগুন নেভার পর সম্প্রচারে ফেরে চ্যানেল দুটি।  

আগুন লাগার ঘটনা তদন্তে বিএসইসির পরিচালক (অর্থ) সৈয়দ মোজাম্মেল হককে আহ্বায়ক এবং প্রধান প্রকৌশলী তাজুল ইসলামকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসও পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।

এর আগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি এই ভবনে আগুন লেগে এনটিভি, আরটিভি ও আমার দেশসহ ১০টি প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে যায়, মৃত্যু হয় তিন জনের।

পুরনো খবর:

আবার পুড়ল বিএসইসি ভবন