রাজশাহীতে রাস্তায় বোমা ফাটাল জামায়াত
সর্বোচ্চ আদালতে কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল করে, রাস্তায় ইট ভেঙে ও বোমা ফাটিয়ে প্রতিবাদ জানিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
সোমবার সকালে নগরীর রাজারহাতা এলাকায় সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আপিল বিভাগের রায় ঘোষণার আধঘণ্টার মধ্যে জামায়াত-শিবির কর্মীরা নগরীর রাজারহাতা সিটি কলেজের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল বের করে তারা ট্রাইব্যুনাল বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
হেতেম খাঁ এলাকার ইউআইটিএসের নির্মাণাধীন ভবনের সামনে মিছিল শেষ করে। সেখানে তারা রাস্তার উপর ইট ভেঙে চলে যাওয়ার সময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
বোয়ালিয়া মডেল থানার ওসি খন্দকার নুর হোসেন বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা মিছিল বের করে। তবে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
