ফুলগাজীতে জাসাসের হরতাল প্রত্যাহার
ফেনীর ফুলগাজী উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ডাকা বুধবারের হরতাল প্রত্যাহার করেছে সংগঠনটি।
সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জাননো হয়।
ফুলগাজী উপজেলা জাসাসের সভাপতি ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপকে (৪৫) গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল তারা।
আগামী ৫ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে জাসাস হরতাল প্রত্যাহারের কথা বললেও জামায়াতের হরতাল বহাল থাকায় পরীক্ষার্থীদের কোনো উপকার হচ্ছে না।
ফেনী জেলা জাসাসের আহবায়ক ফজলুর রহমান বকুল ও যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হাফিজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা থাকায় পরিক্ষার্থী ও অভিভাবকদের অসুবিধার কথা বিবেচনা করে ফুলগাজী উপজেলা জাসাসের পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
তবে, আগামী ১৫ দিনের মধ্যে গোলাম রসুল মজুমদার গোলাপকে নিঃশর্ত মুক্তি না দিলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয় বিজ্ঞপ্তিতে।
রোববার দুপুরে ফুলগাজী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী (তালিকা নম্বর ১) উপজেলা জাসাসের সভাপতি গোলাম রসুল মজুমদার গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে ফুলগাজী থানায় ২২-২৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১০-১২টি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।
