চট্টগ্রামে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোস্তফা জামান টেনিস (২৯) পেশায় গাড়িচালক। চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরার মিয়ার বাপের মসজিদ এলাকায়।
বুধবার অগ্নিদগ্ধ স্ত্রী শারমিন আক্তারকে (২২) তিনি নিজেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রোববার শারমিনের পরিবারের অভিযোগের পর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরকীয়ার প্রতিবাদ করায় মোস্তফা জামান বুধবার শারমিনের গায়ে আগুন লাগিয়ে দেয়।
চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী জানান, গত জুনে মোস্তফা জামানের সঙ্গে শারমিনের বিয়ে হয়। মোস্তফা নিয়মিত ফোনে এক নারীর সঙ্গে বলত। এ নিয়ে বিভিন্ন সময় আপত্তি জানায় শারমিন।
“এরপর থেকেই তার ওপর শারীরিক নির্যাতন করা হত। বুধবার আবার ওই নারীর সঙ্গে কথা বলা নিয়ে প্রতিবাদ করায় শারমিনকে মারধরের পর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় মোস্তফা। শারমিনকে মেরে ওই নারীকে বিয়ে করবে বলে হুমকি দেয় মোস্তফা।”
বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ওসি আতিক বলেন, “আজ (রোববার) মেয়ের পরিবারের সদস্যরা থানায় এসে ঘটনা জানানোর পর হাসপাতালে গিয়ে শারমিনের সঙ্গে কথা বলি।
“চিকিৎসকরা জানিয়েছেন শারমিনের শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে।”
এ ঘটনায় শারমিনের ভাই মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।
