২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত শৌচাগারে আগুন, দগ্ধ ৪ শিশু

ঢাকার সাভারে একটি পরিত্যক্ত শৌচাগারের ‘বদ্ধ গ্যাসে’ আগুন ধরে চার শিশু দগ্ধ হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় চলাকালে শনিবার সন্ধ্যায় আমিনবাজারের ধোবাউর এলাকায় হাজী আদব আলীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলো রাকিব (১১), জিহাদ (০৭), যারা (০৪) ও সারা (০৬)। এদের মধ্যে রাকিব ও জিহাদ সহোদর।

রাতে তাদের সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রোববার বিকালে বার্ন ইউনিট থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।

অগ্নিদগ্ধ রাকিব ও জিহাদের বড়ভাই এম এ সাইম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় বাড়ির নীচে তারা সবাই খেলা করছিল। তখন পরিত্যক্ত বন্ধ শৌচাগার থেকে দুর্গন্ধ আসতে থাকায় রাকিব একটি মোমবাতি নিয়ে ভেতরে যাচ্ছিল দেখতে। সঙ্গে অপর তিন শিশুও ছিল।

শৌচাগারের দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেখানে বদ্ধ গ্যাসে আগুন ধরে যায়। এতে চার শিশুই দগ্ধ হয়।

দগ্ধ অপর দুই শিশু যারা তার ভাতিজি ও সারা ভাগ্নি বলে জানান মাসুদ।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নাজিমুদ্দিন জানান, তিনি শিশুগুলিকে দেখেছেন। তাদের কারও শরীরের ২০ শতাংশ, কারও ৩০ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসা দেয়া হচ্ছে।