চাঁদ ছিল আকাশে: কাদের
জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎহীনতায় শনিবার সন্ধ্যার সঙ্গে সঙ্গে দেশব্যাপী অন্ধকার নেমে এলেও আকাশে চাঁদ থাকায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে বলে মনে করছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তবে ওই পরিস্থিতিতে নিজে আতঙ্কিত হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
রোববার রাজধানীর দিলকুশায় বিআরটিসি ভবনে পরিবহন ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে আগের দিন ঘটে যাওয়া দেশের সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম বিদ্যুৎ বিপর্যয়ের প্রসঙ্গ।
‘খণ্ডকালের উদ্বেগ-উৎকণ্ঠার’ মুক্তি মেলায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
ফাইল ছবি
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর সারাদেশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এরপর মেরামত কাজ চলার মধ্যেই বিকালে আবার গ্রিডে বিপর্যয় দেখা দেয়। টানা প্রায় আট ঘণ্টা বিদ্যুৎহীনতায় ভোগান্তিতে পড়ে রাজধানীসহ সারা দেশের মানুষ।
সন্ধ্যার পর বিদ্যুৎহীন ঢাকায় অচেনা এক দৃশ্যের দেখা মিলে।
বিদ্যুৎ না থাকায় দেশবাসীর ভোগান্তির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “বাসায়, অফিসে, হাসপাতালে ১৬ কোটি মানুষকে জিম্মি করা হয়েছিল। আর যদি কাল সকাল পর্যন্ত এ অবস্থা বিরাজ করতো তাহলে সারা দেশে কী রকম দৃশ্যপট হতো, সেটা ভাবতেও গা শিউরে উঠে।
তবে এতোকিছুর মধ্যেও প্রকৃতি অনুকূল থাকায় মানুষ কিছুটা ‘স্বস্তিতে’ ছিল বলে মনে করেন ওবায়দুল কাদের।
“আর কালকে চাঁদ ছিল আকাশে। সেজন্য অনেকে বাইরে এসে কিছুটা স্বস্তি পেয়েছেন। তেমন বেশি গরমও ছিল না,” বলেন তিনি।
বিদ্যুৎ বিপর্যয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও যে ভোগান্তিতে পড়েন সে বিষয়টিও উঠে আসে মন্ত্রীর কথায়।
“সংসদ এলাকায়ও আমরা বিদ্যুৎ পাচ্ছিলাম না। রাতে বাসায় গিয়ে দেখি ওখানে ন্যাম ভবন, সংসদ, মাননীয় স্পিকারের বাসায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুত সরবরাহ ছিল কিছুক্ষণের জন্য। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকেও জেনারেটরের আওয়াজ শুনেছি,” বলেন তিনি।
