শাহবাগে অবস্থান কামারুজ্জামানের রায় পর্যন্ত
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মীর কাসেম আলীর রায়ের আগে থেকে শাহবাগে যে অবস্থান চালিয়ে যাচ্ছিল গণজাগরণ মঞ্চ, তা মো. কামারুজ্জামানের আপিলের রায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
রোববার ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে খবর আসে এই দলটির সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের রায় হবে সোমবার।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (রোববার) বিকাল ৫টা থেকে শাহবাগে অবস্থান শুরু হবে। কাল (সোমবার) রায় না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ শাহবাগে থাকবে।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ হয়। এর আগে আপিলের রায়ে আব্দুল কাদের মোল্লার সাজা বাড়লেও সম্প্রতি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হয়।
ট্রাইব্যুনালে কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ আন্দোলন শুরুর পর থেকে যুদ্ধাপরাধের প্রতিটি রায়ের দিনই শাহবাগে অবস্থান থাকছে।
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়ে রোববার শাহবাগে মিছিল হয়েছে। এই রায়ের পর চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে হাতবোমা হামলার প্রতিবাদে বিকালে বিক্ষোভ মিছিলও হয়।
