২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপর্যয়ের কারণ দুর্বল ব্যবস্থাপনা: মুহিত

দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের জন্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থার দুর্বলতা দায়ী বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 03:20 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সারাদেশে শনিবারের বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, “আওয়ার টান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ ভেরি পুওর। কালকের ক্রাইসিসও ডিস্ট্রিবিউশন প্রবলেমের কারণে হয়েছে। আমাদের ট্রান্সমিশন দুর্বল।”

এর কিছুক্ষণ আগেই অর্থমন্ত্রী বিদ্যুৎ সচিব মনোয়ার হোসেনের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন।

২০০৩ ও ২০০৭ সালে এ ধরনের সমস্যা হয়েছিল, ভবিষ্যতে এ ধরনের সমস্যা হতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী হাসতে হাসতে বলেন, “বারবার হয় না, ১০/১৫ বছরে একবার হয়।”

Image
এনএসসি সম্মেলন কেন্দ্রে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরার অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনএসসি সম্মেলন কেন্দ্রে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরার অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শনিবার বিদ্যুৎ বিপর্যয়ে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে জানতে চাইলে মুহিত বলেন, “এটি হিসাব করতে বেশ সময় লাগবে, তবে শনিবার ছুটির দিন থাকায় বিদ্যুৎ খরচ এমনিতেই কম হয়।”

“ইন্ডিয়া থেকে কোন সমস্যা ছিল না, ৪০০ কেভি লাইনে কোন সমস্যা ছিল না, আমাদের এখানে ট্রান্সমিশনের সমস্যা ছিল।”

মন্ত্রী জানান, বিদ্যুতের অবস্থা জানার জন্য সচিবকে ডেকে নিয়ে আসা হয়েছিল। তার সঙ্গে ভবিষ্যতে পরিকল্পনা নিয়েও কথা হয়েছে।

“বিদ্যুতের ক্যাপাসিটি ১১ হাজার মেগাওয়াট হলেও সরবরাহ ৭ হাজার হয় কেন জানতে চেয়েছি, কমপক্ষে ৮০ শতাংশ হতে হবে। ছোট ছোট প্ল্যান্টগুলোকে হাজার মেগাওয়াট প্ল্যান্ট করার পরিকল্পনা করা হচ্ছে।”

শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর প্রায় পুরো বাংলাদেশই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এর মেরামত কাজ চলার মধ্যেই বিকালে আবার গ্রিডে বিপর্যয় দেখা দিলে সঙ্কট দীর্ঘায়িত হয়।

এদিকে সকালে রাশিয়ার রাষ্ট্রদূত রাষ্ট্রদূত নিকোলায়েভ আলেকসান্দর অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, “তাদের সঙ্গে ট্রেড সাইটে কিছুটা হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্ট সাইটে কিছু হচ্ছে না।”

তিনি বলেন, “রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন তাদের সঙ্গে ট্রানজেকশন হচ্ছে কিন্তু প্রাইভেট ট্রানজেকশন হচ্ছে না। এক্ষেত্রে ব্যাংকিং রিলেশনশিপে কিছু সমস্যা রয়েছে, এ বিষয়গুলো দেখা হবে।”

জাতীয় রাজস্ব বোর্ডের ২৭ জন কর্মকর্তার বদলির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, ওই বদলি স্থগিত করা হয়েছে।