২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজায় আহত আরেক শ্রমিকের মৃত্যু

রানা প্লাজা ধসে আহত আরেকজন পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 05:09 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

শনিবার সকাল ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুরের ভাড়া বাড়িতে মারা যান জাহেদা বেগম (২৫)।

স্বামী পরিত্যক্তা জাহেদা মানিকগঞ্জ সদরের বালিরটেক এলাকার সাঈদ বেপারীর মেয়ে। বিকালে সাভার পৌর এলাকার বাঁশপট্টি কবরস্থানে তাকে দাফন করা হয়।

জাহেদা রানা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত ‘নিউ ওয়েভ বটম লিমিটেড’ কারখানায় সেলাই সহকারী (কার্ড নং-৪৩৫০) হিসেবে কাজ করতেন।

গত বছরের ২৪ এপ্রিল সাভারের নয় তলা রানা প্লাজা ধসে পড়লে এর নিচে চাপা পড়ে ওই ভবনে থাকা পাঁচটি কারখানার বহু শ্রমিক।

মোট ১১১৫টি লাশ উদ্ধারের পর ওই বছরের ১৩ মে উদ্ধার অভিযান শেষ করে সেনাবাহিনী। জীবিত অবস্থায় ২৪৩৮ জনকে উদ্ধার করা হয়, যার মধ্যে ১২ জন হাসপাতালে মারা যান।

মৃত্যুর আগে জাহেদা ঠিকমতো চিকিৎসা সেবা পাননি বলে অভিযোগ করেন তার স্বজন ও শ্রমিকরা।

রানা প্লাজা গার্মেন্টস ইউনিয়ন সভাপতি এমদাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণেই জাহেদার মৃত্যু হয়েছে।

তিনি জানান, রানা প্লাজা ধসের চার দিন পর ধ্বংস স্তূপের নীচ থেকে তাকে উদ্ধার করা হয়। আর্থিক সংকটের কারণে তার দরিদ্র পরিবার চিকিৎসা করাতে পারেনি।

মৃতের বড় বোন শাহেদা বেগম বলেন, “জাহেদার লিভার, মাথা ও মেরুদণ্ডে মারাত্বক আঘাত হয়েছিল, প্রায়ই তার রক্ত বমি হতো। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পারায় তার মৃত্যু হয়েছে।”

সরকারিভাবে তারা তেমন কোনো সহযোগিতা পাননি বলেও জানান তিনি।

জাহদার ছোটভাই মো. রাসেল সাভার নামা বাজারে একটি চটের বস্তার দোকানের কর্মচারী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অর্থ ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার বোন অকালে মারা যান। ভালো চিকিৎসার ব্যবস্থা করলে তিনি বেঁচে যেতেন।

তিনি জানান, গত মাসের মাঝামাঝি সময়ে জাহেদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা লিভারে অপারেশন করাতে বলেছিলেন, কিন্তু অর্থের অভাবে তা করা সম্ভব হয়নি।

মানুষের কাছ থেকে ধার-দেনা ও সুদে টাকা নিয়ে যতটকু সম্ভব চিকিৎসা  করানো হয়েছে। এদিকে আবার বাড়ি ভাড়াও ৫ মাসের বাকি পড়ায় বাড়িওয়ালাও চাপ দিতে থাকেন।

এসব কারণে তার চিকিৎসা ঠিকমতো করা সম্ভব হয়নি।

রাসেল জানান, রানা প্লাজা ধসে পড়ার তিন মাস আগে তিনি ওই কারখানায় চাকরি নেন। ভবন ধসের চার দিন পর ধংসস্তূপের নীচ থেকে তাকে উদ্ধারের পর প্রথমে সাভার সিএমএইচ এ নেয়া হয়। সেখান থেকে গণস্বাস্থ্য হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাহায্য হিসেবে বিকাশের মাধ্যমে চার দফায় শুধু ৯৫ হাজার টাকা তারা পেয়েছেন বলে জানান রাসেল।

রাসেল আরও জানান, জাহেদার স্বামী রেজাউল করিম আড়াপাড়া এলাকায় একটি হোটেলে কাজ করেন। কয়েকবছর হলো জাহেদার কোনো খোঁজখবর নেন না। তার একমাত্র সন্তান রিমা আক্তারকেও (৮) তিনি সঙ্গে রাখেন।

এরপর থেকে জাহেদা তার সঙ্গে বক্তারপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানান ছোটভাই রাসেল।