ফেনীতে টায়ারে অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতালে ফেনীতে মিছিল থেকে টায়ারে অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রোববার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়াপদা রেস্ট হাউজের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে শিবির। এ সময় মিছিল থেকে কয়েকটি হাতবোমা ও পটকার বিস্ফোরণ ঘটায় তারা। পরে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
একই সময়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শাহীন একাডেমি এলাকায় শিবির নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সকালে একই স্থানে টায়ারে আগুন দেয় ছাত্রশিবির।
এদিকে পুলিশ-র্যাবের পাশাপাশি ভোর থেকে শহরের দুই প্লাটুন বিজিবির টহল দিচ্ছে।
হরতালের কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশে যান চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সকাল থেকে শহরের বড় মার্কেটগুলো খোলা না হলেও অনেক দোকানপাট খোলা ছিল। শহরে তিন চাকার যানবাহন রিকশা, অটোরিকশা চললেও ভারি যানবাহন চলাচল করেনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
