‘ষড়যন্ত্র চুয়াত্তরের মতো’
গণতান্ত্রিক ধারাবাহিকতা নস্যাৎ করতে ৫ জানুয়ারির নির্বাচনের আগে কৃত্রিম সংকট সৃষ্টির ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফাইল ছবি
১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “তখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছিল। সে সময় কিছু ষড়যন্ত্রও ছিল। নগদ অর্থ দিয়ে খাদ্য কেনা হয়েছে, কিন্তু সময়মতো জাহাজ পৌঁছাতে দেওয়া হয়নি। এটা একটা বিরাট ষড়যন্ত্র। বিরাট কারসাজি ছিল।
“যে কারসাজিটা এবারের পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে উপলব্ধি করেছি। আমাদের ওইভাবে ক্ষমতা থেকে সরানো, গণতন্ত্রের যেন ধারাবাহিকতা না থাকে- সেজন্য একটা শ্রেণির যে একটা প্রচেষ্টা।”
সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং আওয়ামী লীগের সদস্যসহ দেশবাসীর প্রচেষ্টায় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা গেছে- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “ওই অভিজ্ঞতা ছিল বলেই ওই অবস্থা সামাল দিতে পেরেছি।”
১৯৯৬ সালে ক্ষমতাসীন হয়ে জনগণের উন্নয়নে নেওয়া কর্মসূচিগুলো পরবর্তী সরকারের বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এবার সরকারের ধারাবাহিকতা অত্যন্ত অপরিহার্য ছিল।”
বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে তুলে আনতে হবে। সেটাই হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ।
“অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের সেবা সবচেয়ে বড়। বড় লোক থেকে কে আরো বড়লোক হল- তা নয়, গরীব মানুষের জন্য কিছু করতে হবে।
“খেটে খাওয়া মানুষ আর রাস্তার শিশুদের জন্য কিছু করতে হবে।”
প্রতিবন্ধীদের উন্নয়নে নেওয়া কর্মসূচি বাস্তবায়নের ওপর আরো গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “তাদের জীবন অর্থবহ করতে হবে। সমাজের জন্য কাজ করতে হবে। তারা আর সমাজের বোঝা হিসাবে থাকবে না। তারা সমাজের অ্যাসেট হবে।”
জাতীয় সংসদ ভবনের পশ্চিম দিকে যেখানে মূক ও বধিরদের বিদ্যালয় ছিল, সেখানে প্রতিবন্ধী ক্রিকেট দলের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ওই জায়গা রক্ষা করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন,“৯৬-এ সরকার গঠনের পর যমুনা গ্রুপের বাবুল এসে বলল- ওই জায়গা তার। একেবারে কাগজপত্র নিয়ে হাজির।
“আমি তখনকার সংসদ সদস্য মকবুল হোসেনকে বললাম, যে করেই হোক এই জায়গা রক্ষা করতে হবে। কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি- ওই মূক ও বধিরদের স্কুল। পরে কাগজপত্র ঘেটে দেখা গেল ঠিকই ওইটা সরকারের জায়গা।”
নারীদের অর্থনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতাকে অর্থবহ করতে হলে দারিদ্র্য দূর করতে হবে।
“আমরা ভাতা দেব। কিন্তু মানুষ যেন ভাতার ওপর নির্ভরশীল না হয়।”
সমাজের নিম্নশ্রেণির মানুষের অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করে উপস্থিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আমি মনে করি এ পরিদর্শনের মাধ্যমে মন্ত্রণালয়ের সমস্যা ও সম্ভাবনা সর্ম্পকে আপনাদের সাথে আমার মতবিনিময়ের সুযোগ হবে। এর মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমার প্রত্যাশা।”
‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’, ‘নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা আইন, ২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’ গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দেশব্যাপী প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের ৬৪টি জেলায় ৭৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং একটি করে অটিজম কর্নার চালু রয়েছে।
এ কার্যক্রম উপজেলা পর্যন্ত সম্প্রসারণের কথাও বলেন প্রধানমন্ত্রী।
প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপের আওতায় গত সেপ্টেম্বর পর্যন্ত ১৭ লাখ ৮৫ হাজার ৬৯১ জন প্রতিবন্ধী ব্যক্তির তথ্য সংগ্রহ করার কথা উল্লেখ করে তিনি বলেন, “ডিজঅ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে এসব তথ্য সংরক্ষণ করা হচ্ছে।”
দেশের ৬৪ জেলায় ৬৪টি সাধারণ স্কুলে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম চালু, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ২৮টি নতুন হোস্টেল নির্মাণের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা দৃষ্টি, বাক-শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা করেছি। সরকারি ব্রেইল প্রেস থেকে ছাপানো বই দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। ব্রেইল পদ্ধতির উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর ও এটুআই প্রকল্প একসাথে কাজ করে যাচ্ছে।”
নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠী, হিজড়া, দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং তাদের সামাজিক নিরাপত্তা দিতে দুটি নতুন কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করে শেখ হাসিনা। হিজড়া জনগোষ্ঠীকে ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে স্বীকৃতি দেওয়ার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগে বক্তব্য দেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন সমাজকল্যাণমন্ত্রী মহসীন আলী।
তখন তাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জাতির জনকের স্বপ্নপূরণ করতে হবে।”
