হরতালে মংলায় পণ্য ওঠানামা স্বাভাবিক
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতালে বাগেরহাটের মংলা বন্দরে জাহাজে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে।
মংলা বন্দরের হারবার মাস্টার কে এম আকতারুজ্জামান জানান, রোববার বন্দরে সাতটি জাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি ইউরিয়া সারবাহী, দুটি ক্লিংকারবাহী, এবং একটি জেনারেল ও একটি কন্টেইনারবাহী জাহাজ।
তিনি বলেন, “প্রতিদিনের মতো মংলা বন্দরে স্বাভাবিক কাজকর্ম চলছে। সকাল থেকে বন্দরে অবস্থান নেওয়া জাহাজগুলোতে পণ্য ওঠানামার কাজও স্বাভাবিকভাবে চলছে।”
এদিকে বাগেরহাট-খুলনাসহ অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যদিনের তুলনায় যান চলাচল কম।
আদালত, ব্যাংক, বিমা, বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও স্কুল কলেজ খোলা রয়েছে।
সকাল থেকে জামায়াত-শিবির নেতাকর্মীদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন বলেন, দুরপাল্লার পরিবহন ছাড়া বাগেরহাট জেলার অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যদিনের তুলনায় একটু কম চলছে।
ফাইল ছবি
এদিকে হরতালের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় শহরের রেলরোড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, পৌর যুবলীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন, সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, সরদার মাসুদুর রহমান ও পৌর ছাত্রলীগ সভাপতি কৌশিক মোল্লা প্রমুখ।
