২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবহেলিতের ভাগ্য বদলাতে হবে: প্রধানমন্ত্রী

সমাজের অসহায় ও নিম্নশ্রেণির মানুষের অবস্থার উন্নয়নে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 02:33 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার সকালে সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে দরিদ্রদের উন্নয়নে কাজ করার তাগাদা দেন তিনি।

বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে তুলে আনতে হবে। সেটাই হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ।

“অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “জনগণের সেবা সবচেয়ে বড়। বড় লোক থেকে কে আরো বড়লোক হল- তা নয়, গরীব মানুষের জন্য কিছু করতে হবে।

“খেটে খাওয়া মানুষ আর রাস্তার শিশুদের জন্য কিছু করতে হবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রতিবন্ধীদের উন্নয়নে নেওয়া কর্মসূচি বাস্তবায়নের ওপর আরো গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “তাদের জীবন অর্থবহ করতে হবে। সমাজের জন্য কাজ করতে হবে। তারা আর সমাজের বোঝা হিসাবে থাকবে না। তারা সমাজের অ্যাসেট হবে।” জাতীয় সংসদ ভবনের পশ্চিম দিকে যেখানে মূক ও বধিরদের বিদ্যালয় ছিল, সেখানে প্রতিবন্ধী ক্রিকেট দলের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ওই জায়গা রক্ষা করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “৯৬-এ সরকার গঠনের পর যমুনা গ্রুপের বাবুল এসে বলল- ওই জায়গা তার। একেবারে কাগজপত্র নিয়ে হাজির। “আমি তখনকার সংসদ সদস্য মকবুল হোসেনকে বললাম, যে করেই হোক এই জায়গা রক্ষা করতে হবে। কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি- ওই মূক ও বধিরদের স্কুল। পরে কাগজপত্র ঘেটে দেখা গেল ঠিকই ওইটা সরকারের জায়গা।” নারীদের অর্থনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতাকে অর্থবহ করতে হলে দারিদ্র্য দূর করতে হবে। “আমরা ভাতা দেব। কিন্তু মানুষ যেন ভাতার ওপর নির্ভরশীল না হয়।”