২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের হাজতখানায় রায়ের অপেক্ষায় মীর কাসেম

একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায়ের জন্য জামায়াতের শুরা সদস্য মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 09:22 AM

Updated : 13 Oct 2022, 12:45 PM

পুরনো খবর:

মীর কাসেমের রায়ের অপেক্ষা
‘সর্বোচ্চ শাস্তিই তার প্রাপ্য’

দলটির অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ১৪টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদার জানান, রোববার সকাল ৯টা ১৭ মিনিটে এই জামায়াত নেতাকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে পুরাতন হাই কোর্ট এলাকায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এরপর কাসেমকে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালের হাজতখানায়।

রায়ের জন্য তাকে গত শুক্রবারই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

Image
ফাইল ফটো

ফাইল ফটো

রোববার সকাল ৯টার ১১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই জামায়াত নেতাকে নিয়ে পুলিশের প্রিজন ভ্যান ট্রাইব্যুনালের দিকে রওনা হয় বলে চকবাজার থানার ওসি আজিজুল হক জানান।

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবে। রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সকালে হাই কোর্টসংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় ট্রাইব্যুনালের বিভিন্ন প্রবেশপথে রয়েছে পুলিশ ও র‌্যাবের অবস্থান। হাই কোর্ট এলাকায় প্রবেশকারীদের পরিচয়পত্র পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা তল্লাশির পর ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হচ্ছে।