‘সাংবাদিকবিহীন’ সংবাদ সম্মেলন বিএসএমএমইউ ভিসির
অপেক্ষমাণ সাংবাদিকদের না ডেকে নিজ প্রতিষ্ঠানের চিকিৎসকদের নিয়ে ‘সংবাদ সম্মেলন’ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণগোপাল দত্ত।
শনিবার ১০টায় সংবাদ সম্মেলন ডেকেছিল বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
কিন্তু যথাসময়ে নির্ধারিত স্থানে সাংবাদিকরা উপস্থিত হয়ে দেখেন, অধ্যাপক প্রাণগোপাল দত্ত হাসপাতালের সহকর্মীদের সামনে নিয়ে কথা বলছেন, তার পেছনে কাপড়ের ব্যানারে লেখা রয়েছে ‘সংবাদ সম্মেলন’।
বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ডিন, অধ্যাপক ও নার্সদের দিয়েই হাসপাতালের কেবিন ব্লক ভবনের সপ্তম তলার করিডোরের ছোট ওই কক্ষটি ভর্তি ছিল। ১৫ মিনিট পর ব্রিফিং শেষ করে চলে যান উপাচার্য।
এক সাংবাদিক কখন সংবাদ সম্মেলন হবে- তা জানতে চাইলে এক চিকিৎসক ভিড়ের মধ্যে দুটি টিভি ক্যামেরা দেখিয়ে বলেন, “সংবাদ সম্মেলন তো হয়ে গেল।”
এতে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরা হতবাক হয়ে যান।
গত চার দিন ধরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার সাংবাদিকদের ফোন করে এই সংবাদ সম্মেলনে আসার আমন্ত্রণ জানান। শনিবার সকালেও তিনি ফোন করেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “নির্ধারিত সময়েই ভিসি স্যার সংবাদ সম্মেলন শুরু করেছেন।”
আর কোনও কথা না বলে তিনি সংবাদ বিজ্ঞপ্তি বিতরণ করা শুরু করেন।
এক অধ্যাপক বলেন, এই ধরনের অব্যবস্থাপনার বিষয়ে তার কোনো ধারণাই ছিল না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভেবেছিলাম সাংবাদিকরা সামনের দুই সারির পেছনে বসবেন। তাই আমরা সামনের আসনগুলোতে বসেছিলাম।”
সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন অপারেশন থিয়েটার ও আইসিইউ কমপ্লেক্স উদ্বোধন নিয়ে।
তাছাড়া টানা দুই মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব শেষে আগামী বছরের শুরুতে প্রাণগোপাল অবসরে যাবেন বলে সাংবাদিকরা কিছুটা উৎসুক ছিলেন।
শেখ হাসিনার সরকারের মন্ত্রিপরিষদে বা উপদেষ্টা পরিষদে তিনি একটি পদ পেতে পারেন বলেও জল্পনা রয়েছে।
নাক-কান-গলা বিশেষজ্ঞ প্রাণগোপাল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আইসিইউ কমপ্লেক্সে ২১টি বিছানা থাকবে। আরেকটি কমপ্লেক্সে ১৪টি বিভাগের জন্য ২৪টি অপারেশন থিয়েটার থাকবে।
