চট্টগ্রামে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির নতুন শাখা
চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির একটি নতুন শাখার যাত্রা শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যায় নগরীর জামালখান সড়কে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইব্রেরির কার্যক্রম উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরি জাবেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দেশের মোট জনসংখ্যার ৭০ ভাগই তরুণ। আর এদেরকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে ইংরেজির শিক্ষার কোনো বিকল্প নেই।
“ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি এ ক্ষেত্রে দারুন সহায়ক হবে বন্দর নগরীর তরুণদের জন্য।”
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ব্রেন্ডান ম্যাকশেরি বলেন, একটি লাইব্রেরি শুধুমাত্র পাঠকদের বইয়ের সম্ভারের সন্ধানই দেয় না, পাশাপাশি এটি চিন্তার বিনিময়, সংস্কৃতি ও সামাজিক মেলবন্ধনের একটি চমৎকার ক্ষেত্র।
বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে মেলবন্ধন ঘটাতে ১৯৩৪ সাল থেকে ব্রিটিশ কাউন্সিল বিশ্বব্যাপী কাজ শুরু করে বলে তিনি জানান।
ব্রেন্ডান ম্যাকশেরি বলেন, বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সাতটি লাইব্রেরির প্রায় আট হাজার সদস্য আছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ, উপ-উপাচার্য ইরশাদ কামাল খান, ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি শাখার হেড অব প্রোগ্রাম রবিন ডেভিস ও লাইব্রেরি ম্যানেজার সরওয়ার রেজা।
