বিদ্যুৎহীন রাজধানীর নিরাপত্তায় সতর্কতা
বিদ্যুৎবিহীন রাজধানীতে জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
নিয়মিত টহলের পাশাপাশি র্যাব ও পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
এর পাশাপাশি শনিবার সন্ধ্যার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা জানিয়েছেন।
সন্ধ্যা গড়াতেই রাজধানীর ফার্মগেইট, তেজগাঁও, রমনা, লালবাগ, মিন্টো রোড,বনানীসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর গাড়িতে সাইরেন বাজিয়ে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
রোববার জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এছাড়া জামায়াতে ইসলামীর হরতালও রয়েছে।
এ দুটি বিষয় মাথায় রেখেও নিরাপত্তা জোরদারের কথা বলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, দেশের যেসব জায়গায় বিদ্যুৎ নেই সেখানে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য র্যাব সতর্ক অবস্থানে রয়েছে।
টহলে থাকা র্যাব সদস্যদেরও সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের জোরালো তৎপরতা দেখা গেছে। নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে জনগণকে আশ্বস্ত করতে দেখা গেছে।
পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, “বিদ্যুৎ না থাকায় শহরবাসী যেন আতঙ্কিত না হয় সেজন্য পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি সাইরেন বাজিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দেওয়া হচ্ছে।”
ফাইল ছবি
“তাই বিদ্যুৎ না থাকার সুযোগে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
এপিবিএনের মিডিয়া সেলের এএসপি আমিরুল ইসলাম জানান, গুলশান, বনানী, ফার্মগেইট, তেজগাঁও ও রমনা অঞ্চলে এপিবিএন সদস্যদের বাড়তি সতর্কতার সঙ্গে টহল দিতে নির্দেশ দেয়া হয়েছে।
জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সারাদেশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এরপর মেরামত কাজ চলার মধ্যেই বিকালে আবার গ্রিডে বিপর্যয় দেখা দেয়।
ফলে সন্ধ্যা নামার পর থেকে অন্ধকারে ডুবে গেছে রাজধানী ঢাকাসহ গোটা দেশ। এর মধ্যে কোথাও কোথাও সামান্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হলেও তা চাহিদার তুলনায় নগণ্য।
