চট্টগ্রামে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু
চট্টগ্রাম মেডিকেল কলেজে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।
সোমবার কলেজের অডিটোরিয়ামে ‘এক্সপ্লোরিং ডাইভারসিটি ইন মেডিক্যাল নলেজ’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণগোপাল দত্ত।
প্রাণগোপাল বলেন, “চিকিৎসা ও শিক্ষা পণ্যে পরিণত হলে তা গুণগত মান হারায়।
“চিকিৎসা সেবা কেনাবেচার বিষয় নয়। এটা দেওয়া-নেওয়ার বিষয়। পয়সা যদি এখানে মুখ্য ভূমিকা পালন করে তাহলে সেটা ডাক্তার-রোগীর মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।”
তিনি আরো বলেন, “সর্বগ্রাসী সামাজিক অবক্ষয় থেকে চিকিৎসা শিক্ষা ব্যবস্থাও খুব বেশি মুক্ত থাকতে পারছে না। ডাক্তার-রোগীর সুসম্পর্ক রক্ষা করা যায় কীভাবে তাও অনুসন্ধান করবে এই সম্মেলন।”
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে প্রথমবারের মতো এ সম্মেলন হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কার আর বাংলাদেশের অর্জিত অভিজ্ঞতা বিশ্বের সঙ্গে বিনিময়ের উদ্দেশ্যেই এই সম্মেলন।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শহিদুল গণি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক।
