চট্টগ্রামে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
বাড়ির সিঁড়ি থেকে পড়ে চট্টগ্রামে তিন বছর বয়সী একটি শিশু মারা গেছে।
মো. সুজনের মেয়ে সেতু আকবর শাহ থানা এলাকার আকবর কলোনির একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে যায় বলে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানিয়েছেন।
শিশুটির স্বজনদের উদ্ধৃত করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসায় খেলার সময় সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সেতু। হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এদিকে নগরীর মোহরা এলাকায় গাছ থেকে পড়ে মারা গেছেন আব্দুল মোতালেব (৬০) নামে এক শ্রমিক।
হাটহাজারীর নজু মিয়া হাটের বাসিন্দা মোতালেব উত্তর মোহরার ফকির বাড়িতে গাছ কাটার সময় ওপর থেকে পড়ে মারা যান বলে চান্দগাঁও থানার এসআই গোলাম নাছিম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরগুনার বাসিন্দা মোতালেব দীর্ঘদিন আগে চট্টগ্রামে ঠিকানা নিয়েছিলেন। বিভিন্ন স্থানে গাছ কাটার কাজ করতেন তিনি।
