২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সিল জালিয়াতি করে সত্যায়ন, আটক ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টরের সিল জালিয়াতি করে ভর্তি পরীক্ষার্থীর ছবি সত্যায়িত করার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 12:41 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

সোমবার সকালে ভর্তি পরীক্ষার প্রথমদিন বিশ্ববিদ্যালয় গোল চত্বর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটক দুইজন হলেন একরাম ও সাঈদ।

হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টার দিকে একরাম ও সাঈদ ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের প্রবেশপত্রের ছবিতে সত্যায়িত করছিলেন।

ওসি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার থেকে ‘ডি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

প্রথম দিনে সমাজ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৮৭৭ আসনের বিপরীতে আবেদন করেছে ৩০ হাজার ৮৬১জন শিক্ষার্থী।

এ অনুষদের অধীনে আছে অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।