তীব্র যানজট, ফ্লাইওভারে গাড়ির দীর্ঘ সারি
ইসলামী দল সমূহের হরতালে সপ্তাহের প্রথম কার্যদিবসে নির্বিঘ্নে যান চলাচল করলেও সোমবার বেলা ১২টা পর্যন্ত রাজধানীর প্রায় সব সড়কেই ছিল গাড়ির প্রচণ্ড চাপ। ফলে যানজটে নাকাল হতে হয়েছে অফিসমুখী কর্মজীবীদের।
সকাল থেকেই নগরীর মিরপুর গোলচত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, আসাদগেট, শিশুমেলা, টেকনিক্যাল এলাকায় তীব্র যানজটের খবর পাওয়া গেছে।
এছাড়া মহাখালী থেকে গুলশান ১ নম্বর সড়কেও গাড়ির বেশ চাপ লক্ষ্য করা গেছে।
বিমানবন্দর সড়কে যানজট ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটা ‘বেশি’। এ পথে সকাল থেকে দীর্ঘ সময় গাড়ি আটকে থাকতে দেখা গেছে। শাহীনবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও জট ছিল।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শরিফুল হাসান। কর্মস্থলের উদ্দেশ্যে প্রতিদিনই মিরপুর থেকে গুলশানে যাতায়াত করতে হয় তাকে।
ফাইল ছবি
বিজয় সরণিতে গাড়ির দীর্ঘ সারির কারণে অনেককেই বাস থেকে নেমে পায়ে হেঁটে যেতে দেখা গেছে।
মতিঝিলমুখী বিকল্প ট্রান্সপোর্টের একজন চালক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, “যানজট হলেই সবাই বলে বাসের ড্রাইভাদের কারণে এমন হয়। আমার তো মনে হয় ট্রাফিক পুলিশের কারণেই ঢাকায় বেশিরভাগ যানজট হয়। উনারা শুধু মামলা দেওয়ার চেষ্টায় থাকেন।”
অবশ্য এমন অভিযোগ নাকচ করে দৈনিক বাংলায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ মোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড্রাইভারদের অদক্ষতা তো আছেই, সেই সঙ্গে রাজধানীতে রাস্তার তুলনায় গাড়ি বেড়ে যাওয়াই যানজটের মূল কারণ।”
তিনি জানান, তার এলাকায় বেলা ১১টা পর্যন্ত গাড়ির বেশ চাপ ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা অনেকটা কমে এসেছে।
