২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রবিউল ইসলাম (৩৬) নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 12:22 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

নিহত রবিউল ইসলাম উপজেলার কামদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন। তিনি তেঘড়া গ্রামের আনছার আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান,

রোববার রাত সাড়ে ৯টার দিকে রবিউলকে কুপিয়ে সড়কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান, রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট বাজার থেকে পায়ে হেঁটে দুই কিলোমিটার দূরে গোবিন্দগঞ্জে নিজের বাড়িতে ফিরছিলেন রবিউল। পথে গোবিন্দগঞ্জ উপজেলার শালপাড়া কাঁচা রাস্তায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে এলাকাবাসী রবিউলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

পরিদর্শক (তদন্ত) মেহেদী জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। দোষীদের ধরতে পুলিশ রাতেই অভিযান শুরু করেছে।

গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, একটি পুকুরের দখল নিয়ে রবিউলের সঙ্গে দীর্ঘদিন ধরে এক প্রতিবেশীর দ্বন্দ্ব চলছিল।  এর জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।