২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে পুলিশের গুলিতে ২ ‘ছিনতাইকারী’ আহত

ঢাকার কেরানীগঞ্জে পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন, যারা পুলিশবাহী অটোরিকশায় ছিনতাই করতে এসেছিলেন বলে পুলিশের দাবি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 11:50 AM

Updated : 22 Aug 2022, 07:24 PM

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, সোমবার ভোরে শাক্তা ইউনিয়নের কেরানীগঞ্জের পূরহরির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হানিফ (২৫) ও  সাইদুর রহমানকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “সাইদুরের পায়ে এবং হানিফের পেটে গুলি লেগেছে।”

ঘটনাস্থল থেকে দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

ওসি মজিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, “ওই এলাকায় সড়কের দুই পাশে পানি থাকায় রাতে দুর্বৃত্তরা নৌকা তুলে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের গাড়ি থামিয়ে ছিনতাই করত। এ নিয়ে নবাবপুর ও দোহারের বাসিন্দারা পুলিশকে অভিযোগ জানিয়ে আসছিল।”

ভোরে সাধারণ পোশাকের পুলিশ অটোরিকশায় করে সেখানে অভিযানে গিয়ে দেখে রাস্তায় নৌকা তুলে দিয়ে দেশীয় অস্ত্রধারী কয়েকজন দুর্বৃত্ত একটি গাড়ি থামিয়ে ছিনতাই করছে।  কিছু বুঝে উঠার আগেই তারা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের অটোরিকশায় হামলা চালায় বলে জানান ওসি।

“গাড়ি থেকে পুলিশকে নামতে দেখে তারা রাস্তার পাশে কাশবনে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গুলি করে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়।”

পরে তাদের হাসপাতালে নেওয়া হয় বলে জানান ওসি।