নবাবগঞ্জে ডাকাতের গুলিতে প্রবাসীর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাতের গুলিতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার কৈলাইল ইউনিয়নের রায়পুর গ্রামে ওই ঘটনায় নিহত হন শহিদ খান (৩৯) স্থানীয় মৃত বাহাদুর খানের ছেলে।
শহিদ দেড়মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসেন বলে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
নাবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, শনিবার রাত ২টার দিকে ১৫/২০ জন মুখোশধারী ডাকাত শহিদ খানের বাড়িতে হানা দেয়।
“ডাকাতরা কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে শহিদ খান ও তার স্ত্রী হামিদা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে একদলের একজনের মুখোশ খুলে গেলে শহিদ খান তাকে চিনে ফেলেন। এ সময় ওই ডাকাত শহিদের বুকে গুলি করে।”
ওসি জানান, গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্বজনরা গুরুতর অবস্থায় শহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
কেরাণীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) শহীদুল ইসলাম বলেন, “হত্যার রহস্য উদঘাটনন ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
