কক্সবাজারে ৬৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৮
কক্সবাজারে পৃথক অভিযানে প্রায় ৬৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া একটি মোটরসাইকেলসহ নয় জনকে আটকও করা হয়।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের আচারবনিয়ায় নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
বিজিরির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে।
টেকনাফ থানার ওসি মোক্তার হোসেন জানান, বেলা ১১টার দিকে টেকনাফের বাহারছড়া থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক জনকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি মোক্তার।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম জানান, জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার ৯৭৫টি ইয়াবাসহ সাত জনকে আটক করেছে।
জেলা পুলিশের পৃথক দল ২৪ ঘণ্টায় এসব অভিযান চালায় বলে তিনি জানান।
এরমধ্যে চকরিয়া থেকে ২ জন, কক্সবাজার শহর থেকে ৪ জন ও টেকনাফ থেকে একজনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করা হয়েছে।
