টঙ্গীতে ইয়াবা উদ্ধারের পর হিসাবে ‘গরমিল’
টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের পর সংখ্যার গরমিলে নিজের সহকর্মীদের দিকেই অভিযোগের আঙুল তুললেন টঙ্গী থানার ওসি।
থানার এসআই আমিনুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ নতুনবাজার কেরানীরটেক এলাকার ওই বস্তিতে অভিযান চালায়। নেশার বড়ি ইয়াবা বিক্রির সময় সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুই যুবককে।
এরা হলেন- ঢাকার উত্তরখান থানার ভূইয়া বাড়ির শাহ আলম (২৬) ও ময়মনসিংহের কোতোয়ালি থানার শেওড়া এলাকার খোকন মিয়া (৩৮)।
রাতে থানায় ফিরে অচিন্ত্য কুমার যে মামলা দায়ের করেন, তাতে এক হাজার ইয়াবা উদ্ধারের কথা বলা হয়।
কিন্তু থানার ওসি বলছেন, ১১০০ ইয়াবা উদ্ধার হলেও এজাহারে ১০০ ইয়াবা কম দেখানো হয়েছে।
ওসি কাজী ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, “যারা উদ্ধার করছে তারাই বোধহয় ইয়াবা খায়, ১০০ পিস মনে হয় সরাইয়া ফেলাইছে। আমি জানি এক হাজার ১০০ ইয়াবা উদ্ধার হইছে।”
বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান টঙ্গীর ওসি।
এ বিষয়ে মামলার বাদী এস আই অচিন্ত্য কুমারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
