অসহায় মানুষের পাশে শিশুদেরও ডাকলেন প্রধানমন্ত্রী
অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় শিশু ও কিশোরদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা অসহায় ও গরিবদের সহায়তা করবে। মানুষকে মানুষ হিসাবে দেখবে। তাহলেই আমরা এগিয়ে যেতে পারব।”
শিশু-কিশোরদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের নির্দেশ মেনে চলতে বলেন তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে দাবা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং এসএসসি পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, “সব সময় তোমাদের মনে এটাই থাকতে হবে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি।
“বিজয়ী জাতি কারো কাছে মাথা নত করে না। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করি না। তোমরা সোনার মাটিতে সোনার ছেলে-মেয়ে।”
শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর ওপরও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। তিনি বলেন, কেউ যেন মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করতে না পারে।
ছোট ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানে বার বার আবেগ আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা।
তিনি বলেন, “বেঁচে থাকলে রাসেলের বয়স ৫০ বছর হতো। কিন্তু ঘাতকের বুলেট তাকে বাঁচতে দেয়নি।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হয় রাসেল। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। ওই সময় জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।
বাষ্পরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বলেন, “একবার ভেবেছিলাম- রাসেলকে সাথে নিয়ে যাব। মা-বাবা ওকে ছাড়তে চায়নি। এটা আমাদের দুর্ভাগ্য।”
প্রধানমন্ত্রী বলেন, “সব থেকে কষ্টের হলো, শেখ রাসেলকে বাবার লাশের পাশ দিয়ে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।… কি অপরাধ ছিল রাসেলের?... ঘাতকরা জাতির জনকের শেষ চিহ্নটি পর্যন্ত রাখতে চায়নি।”
কেবল একটি পরিবার নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে ‘নস্যাৎ করতে’ এবং দেশকে ‘পরাজিত শক্তির হাতে’ তুলে দেওয়ার জন্য ওই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মন্তব্য করেন তিনি।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে রাসেল।
সেই সময়ের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, “যেদিন শেখ রাসেলের জন্ম হয়, সেদিন নির্বাচনের কাজে বাবা চট্টগ্রামে ব্যস্ত ছিলেন।”
বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণার পর ১৯৬৬ সালের ৮ মে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “ছোট রাসেল তখন বাবাকে খুঁজত। জেলখানায় দেখা করতে নিয়ে গেলে আব্বাকে না নিয়ে ফিরতে চাইত না।”
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশু নিহতের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
“কেউ প্রতিবাদ করেনি; আমি যখনই সুযোগ পেয়েছি, প্রতিবাদ করেছি।… আমি যখন দেখি, ফিলিস্তিনি শিশুদের হত্যা করা হচ্ছে, মহিলাদের হত্যা করা হচ্ছে- তখনই আমার মায়ের কথা, আরজু মণির কথা, শেখ রাসেলের কথা মনে পড়ে। আমি দেখিনি। কিন্তু আমি অনুধাবন করতে পারি- কীভাবে তাদের হত্যা করা হয়েছিল।”
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পরিষদের মহাসচিব মাহমুদ-উস সামাদ, উপদেষ্টা সিরাজুল আলম মোল্লা, ঢাকা মহানগর শাখার সভাপতি কে এম শহীদুল্লাহ, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার এবং শিশু-কিশোরদের পক্ষ থেকে ইসরাত জাহান ইমা অনুষ্ঠানে বক্তব্য দেন।
