২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বন্যা: ক্ষতি প্রায় অর্ধশত কোটি টাকা

তিন দফা বন্যায় ফেনীতে রোপা আমন ও রবি শষ্যের প্রায় ৪৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলায় আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশংকা করছে কৃষি বিভাগ।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 09:56 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আবদুল মতিন জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পযর্ন্ত অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ একাধিক স্থানে ভেঙে বন্যা হয়।

এতে জেলার ৬টি উপজেলায় প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর জমির ফসল, বীজতলা ও সবজি নষ্ট হয়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

অগাস্টের মধ্যভাগে দ্বিতীয় দফা বন্যায় জেলার ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার ছয় হাজার হেক্টর জমিতে পানি জমে ৩৭ কোটি ৭৮ লাখ টাকার রোপা আমনের এবং সেপ্টেম্বরে মাঝামাঝিতে তৃতীয় দফা বন্যায় পাঁচশ হেক্টর জমিতে ৩ কোটি টাকার রোপা আমন ও রবি শষ্যের ক্ষতি হয়।

চলতি বছর ফেনীতে ৬৭ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এখনও  সদর উপজেলা, ফুলগাজীসহ অনেক এলাকায় জমির পানি নেমে না যাওয়ায় আমনের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে জানান তিনি।   

ফুলগাজীর কৃষক আবু তাহের বলেন, বন্যায় তার রোপা আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে জমিতে তিন দফা আমনের চারা রোপন করলেও কাঙ্ক্ষিত ফসল উৎপাদন নিয়ে তিনি শংকায় রয়েছেন।

সদর উপজেলার আরেক কৃষক আনোয়ার আলি জানান, তিন দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও জমি থেকে পানি নেমে না যাওয়ায় আমনের চারা রোপন করা যায়নি।

এ ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আবদুল মতিন আরো জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ইত্যেমধ্যে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কিছুটা সহায়তা আশ্বাসও পাওয়া গেছে।