ঢাকায় পানির ট্যাংক ভেঙে পড়ে নিহত ১
রাজধানীর ফকিরাপুলে একটি মসজিদের পানির ট্যাংকের দেয়াল ভেঙে নিচে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ জন।
বুধবার বিকালে ফকিরাপুল বাজার জামে মসজিদের চারতলার ছাদ থেকে পানির ট্যাংকের এক পাশের দেয়াল নিচের একটি লন্ড্রি দোকানে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এতে আব্দুস সালাম (৪৫) নামে লন্ড্রি দোকানের এক কর্মচারী নিহত হন। সানলাইট আইডিয়াল হোম ড্রাই ক্লিনার্সের এই কর্মচারী স্ত্রীকে নিয়ে ফকিরাপুলে এক বাসায় থাকতেন। তার বাড়ি মানিকগঞ্জে।
মসজিদের খাদেম ওয়ালিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে দেখি, মসজিদের পানির ট্যাংকের একপাশের দেয়াল ভেঙে নিচে টিনের চালার লন্ড্রির ওপর পড়েছে।”
ইট-সুরকির ওই দেয়াল পড়ার সময় চারতলা ওই মসজিদ ভবনের দোতালায় ছিলেন ওয়ালিউল্লাহ।
ট্যাংক পড়ার সময় ওই লন্ড্রিতে ১১ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের সবাই কম-বেশি আহত হন।
আহত কর্মচারী নবাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করে একটি ভারী বস্তু টিনের চালের এসে পড়ে। ওই ভারী বস্তুর প্রায় পুরোটা সালামের শরীরে এসে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
নবাব আলী সামান্য আহত হয়েছেন। আহতদের মধ্যে জাকির ও সোহাগ নামে দুজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান। এই দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে অগ্নিনির্বাপক বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে গেছে।
