চট্টগ্রামে মাদক বিক্রেতার যাবজ্জীবন
ফেনসিডিল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. ওবায়দুস সোবহান এ রায় দেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আবদুল আজিজকে (৩৫) কারাগারে পাঠানো হয়।
আজিজ নগরীর ডবলমুরিং থানার পোস্তার পাড় আবদুর রাজ্জাকের বাড়ি এলাকার আবদুল হালিমের ছেলে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ও ৩ (খ) ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।”
“পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।”
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৩ জুলাই নগরীর কদমতলী এলাকায় উপ-সহকারী প্রকৌশলী (সেতু) কার্যালয়ের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাত বোতল ফেনসিডিলসহ আটক হন আজিজ।
পরে ঘটনাস্থলের পাশের একটি দেয়ালের কাছ থেকে আরও ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মার করা মামলায় ২০০৯ সালের ১১ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।
