ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
কুমিল্লার মেঘনা উপজেলায় ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী।
বুধবার বেলা ১১টায় উপজেলার ভাওরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের পল্লী বাইক চালক আলমগীর হোসেনের স্ত্রী রেখা আক্তার (২৭), তাদের মেয়ে সুমাইয়া (৮) ও ছেলে ইমন (৫)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাব মিয়া বলেন, “আলমগীর হোসেনের অভাবের সংসার। তার বাবা অন্ধ, ভিক্ষা করেন। সংসারের অভাব অনটন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে মঙ্গলবার রাতে ঝগড়া হয়। বুধবারে অভিমান করে আলমগীরের স্ত্রী তার দুই সন্তানকে কীটনাশক খাওয়ান এবং নিজেও খান।”
মেঘনা থানার ওসি এ কে এম মহসীন খান জানান, আলমগীরের সঙ্গে স্ত্রী রেখা আক্তারের দীর্ঘ দিন দাম্পত্য কলহ চলে আসছিল। সকালে আলমগীর বাড়ি থেকে বের হয়ে গেলে রেখা মেয়ে সুমাইয়া ও ছেলে ইমনকে বিষ খাইয়ে হত্যা করে নিজেও বিষ খান।
এ ঘটনায় পুলিশ আলমগীরকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
