২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রূপে জাতীয় জাদুঘরের ‘বিশ্বসভ্যতা গ্যালারি’

বন্ধুপ্রতীম চারটি দেশের কাছ থেকে পাওয়া নতুন কিছু নিদর্শন নিয়ে আবার যাত্রা শুরু করেছে জাতীয় জাদুঘরের ‘বিশ্বসভ্যতা গ্যালারি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 05:18 PM

Updated : 26 Jul 2022, 12:44 PM

বুধবার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে নতুন করে সজ্জিত এই গ্যালারির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও সুইজারল্যান্ডের কাছ থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক নিদর্শনে সাজানো এই গ্যালারি গত ৩০ মার্চ আগুন লেগে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। আগুনে কোনো নিদর্শনের ক্ষতি না হলেও সাময়িকভাবে প্রদর্শনী বন্ধ রাখা হয়।

নতুন করে সাজিয়ে বুধবার এই গ্যালারি আবারো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো।

বিশ্বসভ্যতা গ্যালারিতে এবার যুক্ত হয়েছে স্বাধীন বাংলাদেশকে দেয়া সুইজারল্যান্ড সরকারের স্বীকৃতিপত্রের অনুলিপি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি চিঠি ও কিছু বই। এগুলো রাখা হয়েছে ৪৪ নম্বর গ্যালারির সুইজারল্যান্ড কর্নারে।

একই গ্যালারির কোরিয়ান কর্নারে কোরিয়া ন্যাশনাল ফোক মিউজিয়ামের দেয়া সাতটি নতুন নিদর্শন স্থান পেয়েছে।

চীন দূতাবাসের দেওয়া একটি টাচ স্ক্রিন মনিটর ও মাল্টিমিডিয়া সেট দিয়ে সাজানো হয়েছে গ্যালারির চীনা কর্নার। এর মাধ্যমে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে।

ইরানি কর্নারের জন্য পারস্যের কবি ফেরদৌসীর মহাকাব্য শাহানামার বাংলা ও ইংরেজি অনুলিপি, কবি হাফিজের শ্লোক সম্বলিত পোট্রেটসহ ১০টি নিদর্শন উপহার দিয়েছে ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্র।

বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান-ইউং, সুইজারল্যান্ডের শার্জ দ্য অ্যাফেয়ার্স ক্যারোলিন ট্রটউইলার, ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর আসগর খুসরুয়াবাদী, চীনা দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি হুয়াং লি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সংস্কৃতিমন্ত্রী অতিথিদের নিয়ে বিশ্বসভ্যতা গ্যালারি ঘুরে দেখেন।