২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্রে ৪ শতাধিক ঘরবাড়ি বিলীন 

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্রের ভাঙনে ঈদগাঁ মাঠ ও দুর্গা মন্দিরসহ চার শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সরেজমিন দেখা যায়,ফুলছড়ি রক্ষা প্রকল্পের দক্ষিণাংশে কামারপাড়া ও নামাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন এখনও থামেনি। পানি যতই কমছে,ভাঙনের তীব্রতা ততই বেড়েই চলেছে।

ব্রহ্মপুত্রের স্রোতের গতিপথ অন্যদিকে প্রবাহিত করতে গ্রামবাসী বড় বড় গাছপালা নদীতে ফেলছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতিপূর্বে ওই ভাঙন ঠেকাতে জিও ব্যাগ নদে ফেলা হয়েছে। কিন্তু ভাঙনের তীব্রতা বেশি থাকায় কোন কাজে আসে নাই।

দুই-একদিনের ব্রহ্মপুত্র নদের ওই ভাঙন ঠেকাতে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান।

উপজেলার গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু বলেন,ঈদগাঁ মাঠ, মন্দিরসহ ৪০০ বেশি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ওই চার শতাধিক পরিবারের লোকজন। 

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।

গজারিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের সৌওদা রানী দাশ বলেন,"কয়েকদিন আগেই আমার ঘরটি ব্রহ্মপুত্র নদ গিলে ফেলেছে। রাস্তার পাশে পলিথিন দিয়ে কোনো রকমে ঘর তুলে মাথা গোঁজার ঠাঁই  নিয়েছি।"

ফুলছড়ি এলাকার হামিদুল মিয়া জানান, ব্রহ্মপুত্র তার সবকিছুই কেড়ে নিয়েছে। সহায়-সম্বল বসতভিটা হারিয়ে এখন তিনি ভূমিহীন।

ফুলছড়ি মাদ্রসাটি রাক্ষুসী ব্রহ্মপুত্র থেকে মাত্র পঁচিশ হাত দূরে অবস্থান করছে। যে কোন সময় তাও চলে যেতে পারে নদী গর্ভে বলে জানান তিনি।

মন্দির কমিটির সভাপতি অশ্বনী কুমার ঘোষ জানান,"চোখের সামনেই একবারে ৭/৮ শতাংশ জায়গা ব্রহ্মপুত্র নদে চলে গেল।”