অপহরণের ৫ দিন পর ফিরলেন ব্যবসায়ী
ডিবি পরিচয়ে অপহরণের পাঁচদিন পর ফিরে এসেছেন কুড়িগ্রামের এক কাপড় ব্যবসায়ী।
আনোয়ার হোসেন (৪২) নামের ওই ব্যক্তি নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ খামার মুন্সিপাড়ার ইউসুফ আলী সরকারের ছেলে।
গত বৃহস্পতিবারর বিকালে আনোয়ার হোসেনকে অপহরণ করা হয়। সোমবার রাতে তিস্তা সেতু এলাকায় তাকে ছেড়ে দিয়ে যায়।
আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে কাপড় নিয়ে বিআরটিসির একটি বাসে করে সৈয়দপুর থেকে কুড়িগ্রাম আসার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের আমিনবাজার এলাকায় এলে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে তাকে অপহরণ করে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে এসে দুই ব্যক্তি তার চোখ বেঁধে লালমনিরহাট তিস্তা সেতুতে নামিয়ে দিয়ে চলে যায়।
পরে তিনি তার ভাই আলিম উদ্দিনকে ফোন করলে পুলিশের সহায়তায় তাকে রাত দেড়টার দিকে উদ্ধার করে কুড়িগ্রামে নিয়ে আসা হয়।
কুড়িগ্রাম ডিবির ওসি মইনুল ইসলাম জানান, অপহরণের পর ওই রাতে আনোয়ারের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা নেয় অপহরণকারীরা।
এ ঘটনায় পরদিন (শুক্রবার) অপহৃতের বড় ভাই আলিম উদ্দিন বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি মামলা করেন।
ওসি আরো বলেন, সোমবার মধ্যরাতে লালমনিরহাট তিস্তা সেতু এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
তবে, কীভাবে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে তা জানাননি ওই ডিবি কর্মকর্তা।
সন্দেহভাজন ৭ জন গ্রেপ্তার
ওসি মইনুল ইসলাম জানান, শুক্রবার রাত ও শনিবার কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন রবিউল ইসলাম রনি (২৫), আব্বাস আলী (৩৬), মিজানুর রহমান লিটন (৩৫), আতাউর রহমান (৩৩), জাহিদ হাসান (২৩), আনোয়ার হোসেন (৩০) ও সুরুজ আহম্মেদ (৩৫)। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ও আব্বাস অপহরণের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন।
আটককৃতদের বর্তমানে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
