২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজের ভস্মীভূত ছাত্রাবাস পুনর্নির্মাণ

পুড়ে যাওয়ার সোয়া দুই বছর পর সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসের পুনর্নির্মাণ ও সংস্কার কাজ শেষ হয়েছে।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 06:17 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাত্রাবাসের নতুন ব্লকগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তবে, গ্যাস সংযোগ না দেওয়ায় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের এখনো ছাত্রাবাসে ওঠানো হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

২০১২ সালের ৮ জুলাই সন্ধ্যায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয় ৭০টি কক্ষ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম জানান, অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত ছাত্রাবাস সংস্কার ও পুনর্নির্মাণে চার কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হয়েছে।

এ প্রকল্পের আওতায় ছাত্রাবাসের ১, ২ ও ৪ নম্বর ব্লক পুনর্নির্মাণ এবং ৩, ৫ ও শ্রীকান্ত ব্লক, ছাত্রাবাস সুপারের কোয়ার্টার মেরামত ও সংস্কার করা হয়।

নজরুল হাকিম জানান, পুরনো নির্মাণশৈলী অক্ষুন্ন রেখে নতুন করে তৈরি করা হয়েছে শতবছরের ঐতিহ্যবাহী এ ছাত্রাবাসের পুড়ে যাওয়া ব্লকগুলো।

দুটি ব্লক কাঠ ও টিনের চালার আদলেই তৈরি করা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য চেয়ার এবং খাটও আগের মতো করে নির্মাণ করা হয়।

এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুষ্ঠানিকভাবে ছাত্রাবাসটি উদ্বোধন করা হলেও গ্যাস সংযোগ দেওয়ার পর শিক্ষার্থীদের সেখানে ওঠানো হবে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ প্রমুখ।

ওই ঘটনায় কেউ ধরা পড়েনি

এ ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও এখনও কোনো আসামি ধরা পড়েনি।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে। যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।

“বিষয়টি আর শিক্ষামন্ত্রণালয়ের অধীনে নয়। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে চিঠি দিয়েছি,” বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীসহ দেশ-বিদেশে বসবাসকারী অনেক বরেণ্য মানুষের এক সময়ের আবাসস্থল ছাত্রাবাসটি পুড়িয়ে দেয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে ভস্মীভূত ছাত্রাবাস দেখতে এসে ওই সময় অনেকের মতো কেঁদেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও।