২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি মামলা: পলাতকদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ৪৬ পলাতক আসামিকে আদালতে উপস্থিত হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 12:11 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলার অভিযোগপত্র দাখিলের পাঁচ মাস পর সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জহুরুল হক এই আদেশ দেন।

আদালতের পেশকার ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পলাতক আসামিদের আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আগামী ১১ নভেম্বর তা আদালতে দাখিলেরও নির্দেশ দিয়েছেন বিচারক।”

এর আগে গত ১১ জুন একই বিচারক অভিযোগপত্র  দুটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

ডেসটিনির বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মামলা দুটি করে দুদক। প্রায় দুই বছর তদন্তের পর এ বছরের ৪ মে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি- প্লানটেশন লিমিটেডে দুর্নীতির এই মামলার প্রথমটিতে মোট আসামি ১৯ জন এবং দ্বিতীয়টিতে ৪৬ জনকে আসামি করা হয়।

প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমিন ও সাবেক সেনাপ্রধান হারুনুর রশীদ দুই মামলাতেই আসামি। এছাড়া আরো ১২ জন দুটি মামলায় আসামি থাকায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৫১ জনে।

ডেসটিনি গ্রুপের দুই মামলার আসামিদের মধ্যে প্রতিষ্ঠানটির এমডি মো. রফিকুল আমীন, ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল  মো. দিদারুল আলম ও  মো. জিয়াউল হক মোল্লা কারাগারে আছেন।

এই দুই মামলার একমাত্র আসামি হিসেবে সেনাবাহিনীর সাবেক প্রধান  ও গ্রুপ চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল হারুন-অর-রশিদ জামিনে আছেন।

দুই মামলার পলাতক আসামিরা

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি  ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, সাঈদুল ইসলাম খান (রুবেল), মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন, মিসেস জেসমিন আক্তার (মিলন) ও মোঃ শফিকুল হক।