জোড়া খুন: রাষ্ট্রপক্ষের সাক্ষী হচ্ছে সেই বাকপ্রতিবন্ধী
চট্টগ্রামে আলোচিত মা-মেয়ে হত্যার ঘটনায় দুই হত্যাকারীকে শনাক্তকারী বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে সাক্ষী হিসেবে চেয়েছে রাষ্ট্রপক্ষ।
আবু রায়হান
পুলিশের দেওয়া অভিযোগপত্রে বাকপ্রতিবন্ধী মঞ্জুর আলমকে (৩৫) সাক্ষী করা হয়নি। মামলাটি যথাযথভাবে প্রমাণে নিহত শিক্ষার্থীর কয়েকজন সহপাঠীকেও সাক্ষী তালিকায় অর্ন্তভুক্ত করতে চায় রাষ্ট্রপক্ষ।
গত ২৪ মার্চ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১২৯ বাড়ি ‘পদ্মা-যমুনা’য় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়।
মঞ্জুর আলম সিডিএ আবাসিক এলাকার একটি বস্তির বাসিন্দা এবং ‘পদ্মা-যমুনা’র সামনের একটি বাসায় কাজ করতেন।
ঘটনার পর ওই বাসা থেকে দুই যুবককে বেরিয়ে যেতে দেখেন মঞ্জুর। পরে বিষয়টি তিনি তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তারকে জানান।
অটিস্টিক স্কুলের এক শিক্ষকের সহায়তায় বাবুল আক্তার মঞ্জুরের বক্তব্য নেন। সে সময় ছবি দেখে দুই হত্যকারীকে শনাক্ত করেন মঞ্জুর।
পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদী রেজাউল করিমের সঙ্গে কথা বলে ধারণা হয়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী থাকলে মামলাটি প্রমাণ সহজ হবে।
“এ ঘটনায় প্রথম একজন বাক প্রতিবন্ধী দুই হত্যাকারীকে ছবি দেখে শনাক্ত করেন। তাকে সাক্ষী করা হয়নি। এছাড়া নিহত ছাত্রীর কয়েকজন বান্ধবীকে সাক্ষী করা প্রয়োজন।”
বিষয়টি আদালতকে মৌখিকভাবে জানানো হয়েছে উল্লেখ করে ফখরুদ্দিন বলেন, “মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। নতুন সাক্ষী অর্ন্তভুক্ত করার ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে।
“দুইভাবে সাক্ষী অর্ন্তভুক্ত করা যায়। তদন্ত কর্মকর্তা নতুন সাক্ষী অর্ন্তভুক্ত করে আদালতে একটি সম্পূরক অভিযোগপত্র দিতে পারেন, অথবা রাষ্ট্রপক্ষের আবেদন আদালত গ্রহণ করলে সাক্ষ্যগ্রহণের শেষ দিকে নতুন সাক্ষীদের সাক্ষ্য নেওয়া যাবে।”
আদালত আগামী ২৬ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওইদিন বাদী রেজাউল করিমের অসমাপ্ত বক্তব্য নেওয়া হবে।
গত ৩১ অগাস্ট তার আংশিক সাক্ষ্য নেওয়া হয়।
মঞ্জুর আলম শনাক্ত করার পরই এই হত্যার ঘটনায় ঢাকার ফকিরাপুল থেকে আবু রায়হান ও নগরীর খুলশী এলাকা থেকে মোহাম্মদ শহীদকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।
দুজনের বিরুদ্ধে গত ২৫ মে আদালতে অভিযোগপত্র দেন ডবলমুরিং থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা মাঈনউদ্দিন।
গত ৮ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু মামলার বিচার।
