বাংলায় দক্ষতা প্রমাণের লড়াইয়ে চট্টগ্রামের দেড় হাজার শিক্ষার্থী
বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণে দক্ষতা প্রমাণের লড়াইয়ে নামছে বন্দরনগরী চট্টগ্রামের অর্ধশতাধিক স্কুলের দেড় হাজার শিক্ষার্থী।
আগামী শুক্রবার নগরীর সেন্ট প্লাসিডস স্কুল প্রাঙ্গণে ‘পিপিলীকা বাংলা উৎসব’ নামে দুদিনের এই আয়োজনের উদ্বোধন করবেন ভাষা সৈনিক এমদাদুল ইসলাম।
সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, এ প্রতিযোগিতায় ৭০টি স্কুলের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেবে।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ‘শব্দকল্পদ্রুম’ নামে একটি সংগঠনের আয়োজনে এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক প্রাইম ডিস্ট্রিবিউশন। সহযোগিতায় রয়েছে আরএসআরএম।
কথা সাহিত্যিক সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, ড. মাহবুবুল হক, হায়াৎ মামুদ, আলী ইমাম ও ক্রিকেটার আকরাম খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জেলা প্রশাসক জানান, উৎসবের দ্বিতীয় দিনে দেশের বরেণ্য সাহিত্যিকদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কথা বলারও সুযোগ থাকবে।
অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
