২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামলায় আহত ইমামের মৃত্যু

সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আহত এক ইমাম মারা গেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 04:34 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুর রহমান (৪৫) উপজেলার বাণীগ্রাম মসজিদের ইমাম ছিলেন। তিনি উপজেলার দক্ষিণ বাণীগ্রামের সরদারিপাড়ার বাসিন্দা।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, সম্প্রতি মসজিদের মাইক চুরি হয়। এর পর এলাকাবাসীর পরামর্শে নামাজের পর মসজিদের দরজা বন্ধ রাখেন আব্দুর রহমান। এ নিয়ে একই গ্রামের ছফর আলী বৃহস্পতিবার তাকে গালাগালি করেন।

পরদিন জুম্মার নামাজের পর আবদুর রহমান এ বিষয়ে এলাকাবাসীর কাছে বিচার চাইলে ছফর আলীর লোকজন তার উপর হামলা চালায়। এতে তিনিসহ চারজন আহত হয়। গুরুতর আহত আব্দুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় কানাইঘাট থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।