কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে গোপাল করাতী (৫২) নামের ওই আসামির মৃত্যু হয়।
ঢাকার কেরাণীগঞ্জের বাসিন্দা গোপাল কেরাণীগঞ্জ থানার একটি খুনের মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
তিনি দুবছর ধরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বলে জানিয়েছেন ওই কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, “সকাল সোয়া ৮টার দিকে গোপাল বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার পরিবর্তন না হওয়ায় সকাল ৯টার দিকে তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।”
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, হাসপাতালে আনার আগেই গোপালের মৃত্যু হয়।
